Views Bangladesh Logo

আজিমপুরে বাসাভাড়া নিয়ে বিরোধ, মারধরে প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর লালবাগের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকায় বাসাভাড়ার বকেয়া এক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার হয়ে মো. স্বপন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্বপনের ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, বাড়িওয়ালা রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়া পরিশোধের জন্য চাপ দিতেন। চলতি মাসে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। এক-দুদিন সময় চাওয়ায় রিজভী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দেন।

তার অভিযোগ, সোমবার ভোর ৪টার দিকে রিজভী ও তার চাচাতো ভাই রোহান তাদের কক্ষে এসে ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেলিমকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং স্বপনকে মারধর করে টেনে একটি খোলা মাঠে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ