Views Bangladesh Logo

বরিশালে সালিশ বৈঠকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বিএনপি নেতা আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা পৌর এলাকায় পুলিশের উপস্থিতিতে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।


রোববার বিকেলে এ ঘটনায় আরও তিনজন আহত হন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে আটক করেছে পুলিশ।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘর নির্মাণের পাওনা ৫০ হাজার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য রবিবার বিকেলে একটি সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।


সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের উপস্থিতিতেই খোরশেদ সিকদারকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, খোরশেদ সিকদার ও জাহাঙ্গীর হাওলাদারের মধ্যে বিরোধটি দীর্ঘদিনের ছিল এবং তা মীমাংসার উদ্দেশ্যেই সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল।


পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন বলেন, “ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এ কারণে তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”


বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালেও তাদের সামনেই খোরশেদকে আহত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


তিনি আরও জানান, নিহতের মরদেহ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ