শরীয়তপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
শরীয়তপুর সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই বৃদ্ধকে আটকে রাখার পর গভীর রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাসান মোল্ল্যা (৬৫)। এই ঘটনার পর সোমবার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় ওই বৃদ্ধ শিশুটিকে নিয়ে পুকুরে নেমে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুটি চিৎকার শুরু করলে কাছাকাছি থাকা দুই কিশোরী ঘটনাটি দেখে ফেলে এবং তাৎক্ষণিকভাবে শিশুটির মাকে বিষয়টি জানায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হাসান মোল্ল্যাকে হাতেনাতে ধরে একটি ঘরে আটকে রাখে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী তাৎক্ষণিক বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বুড়িরহাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত গ্রামবাসীদের তীব্র বাধার মুখে প্রথমে পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, দায়েরকৃত মামলায় হাসান মোল্ল্যাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে রাখেন গ্রামবাসী। পরে তাদের শান্ত করে ওই ব্যক্তিকে থানায় আনা হয়। এই বিষয়ে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে