Views Bangladesh Logo

নরসিংদীতে বড় ভাইকে হত্যা, ছোট ভাইসহ দুজন আটক

নরসিংদীতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সকালে সদর উপজেলার সাটিরপাড়া এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আটক হয়েছেন।

নিহত আল আমিন (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত হাসান (২৬) তার ছোট ভাই। তারা দুজনই শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্বজনদের ভাষ্য, তাদের বোন তাসলিমা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে চৌয়ালার বাসিন্দা নাইমের সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে আল আমিন আবার শহরে ফিরে আসেন। তবে ছোট ভাই হাসান এ মীমাংসা মেনে নিতে পারেননি।
শনিবার সকালে বাজারে যাওয়ার সময় সাটিরপাড়ার আজাদ ফিলিং স্টেশনের সামনে হাসান ধারালো অস্ত্র দিয়ে আল আমিনের পেটে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, ঘটনার আগের রাতেও হাসান ফোন করে তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন সকালে সেই হুমকিরই বাস্তবায়ন ঘটে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আল আমিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পেটে ধারালো অস্ত্রের আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নাইমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ