Views Bangladesh Logo

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভেঙে পড়া প্রাতিষ্ঠানিক কাঠামো, দায়িত্বজ্ঞানহীন প্রশাসন আর সংস্কারের অভাবে অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তীব্র সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই, প্রক্রিয়াগুলোও ধ্বংস হয়ে গেছে। মানুষগুলো আগের মতোই রয়ে গেছে, তেমন কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। কেউ কেউ বলে সবকিছু বাতিল করে নতুন করে শুরু করো—কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। ফলে মাথায় হাত বুলিয়ে বা ধমক দিয়েই কাজ আদায় করতে হচ্ছে।

তিনি বলেন, সুশাসন আনা অত্যন্ত কঠিন কাজ। কারণ এখানে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সংসদ সদস্যদের ক্ষমতার ওপর কোনো ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এই জায়গাগুলোতে সংস্কার না হলে, যতই অর্থনৈতিক বা প্রশাসনিক সংস্কার করা হোক, তাতে কার্যকর ফল আসবে না।

অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দেখা গেছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ গায়েব। আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বলেছে, এই খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন, যদিও তাদের প্রাথমিক হিসাব ছিল ১৮ বিলিয়ন ডলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ