Views Bangladesh Logo

পড়া না পারায় শিক্ষকের লাথি-বেত্রাঘাত, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র

রাজবাড়ীর পাংশা উপজেলায় পড়া না পারার অভিযোগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক।

অভিযোগে বলা হয়েছে, সমাজবিজ্ঞানের শিক্ষক মো. আহাদ হোসেন ক্লাস চলাকালে পড়া না পারায় ওই শিক্ষার্থীকে প্রথমে বেত দিয়ে মারধর করেন। পরে তাকে শ্রেণিকক্ষের মেঝেতে ফেলে লাথিও মারেন বলে অভিযোগ করেন সহপাঠীরা।

আহত শিক্ষার্থীর বাড়ি উপজেলার মৌরাট ইউনিয়নে। সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে শিক্ষক আহাদ হোসেনকে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে সাময়িকভাবে আটকে রাখে।

প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের শাসনের নামে শারীরিক নির্যাতনের ঘটনা এখনও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে চলেছে, যা শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ