Views Bangladesh Logo

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন নাটোরের আট শিক্ষার্থী। এ ঘটনায় গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। শিক্ষা মন্ত্রণালয় আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজের আট পরীক্ষার্থী ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ নিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নজরে আসামাত্র শিক্ষামন্ত্রী রাজশাহী বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অভিযোগ ওঠে, ওই কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিলেও তা যথাযথভাবে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় বসতে পারেননি ওই আট শিক্ষার্থী।

বিষয়টি জানার পর ঘটনাটি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট রিপোর্টারের সঙ্গেও কথা বলেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড আজ দ্রুত ওই শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা নেয়। ফলে আগামীকাল শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা।

আর গতকালের পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীরা বোর্ডের নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে।

এদিকে ঘটনাটি নিয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলামের সঙ্গেও টেলিফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বলেন। পরে অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পাশাপাশি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে আবদুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি।

অন্যদিকে বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা পরিশোধ করেও রেজিস্ট্রেশন নম্বর ভুল থাকায় এক শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে না পারার একটি অভিযোগও আসে শিক্ষামন্ত্রীর কাছে। এ বিষয়েও টেলিফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে বলেন তিনি। ইতিমধ্যে ওই শিক্ষার্থীরও ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে; আগামীকাল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ