চট্টগ্রামে আইএসপি অফিসে চাঁদাবাজি ও লুটপাট: ৮ আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামের চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, চাঁদাবাজি ও লুটপাটের মামলায় আট আসামির প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির ওরফে কেহরমান, মো. গিয়াস উদ্দিন, মো. নয়ন এবং মোহাম্মদ আব্দুল নাহিদ ওরফে ফরহাদ।
এর আগে বুধবার বন্দর নগরীর বিভিন্ন এলাকায় চকবাজার থানা পুলিশ, ডিবি এবং র্যাব-৭-এর চালানো যৌথ অভিযানে এই আটজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ডিডিএন-এর মালিকের হোয়াটসঅ্যাপ নম্বরে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়। এর দুই দিন পর গত সোমবার বিকেলে চকবাজার থানার চন্দনপুরা অ্যাক্সেস রোডের মারিয়াম হাইটসে অবস্থিত ডিডিএন অফিসে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।
হামলাকারীরা অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, আসবাবপত্র ও কাঁচের দরজা ভাঙচুর করে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ভাঙচুরের পাশাপাশি তারা ক্যাশ থেকে নগদ ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আরিফুল ইসলামের একটি শোল্ডার ব্যাগ লুট করে নিয়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ব্যাগে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা নগদ প্রায় ৩৫ লাখ টাকা ছিল।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ জানান, ঘটনার মূল হোতা কথিত ‘ডেভিড ইমন’কে শনাক্ত ও গ্রেপ্তার করতে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এই চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ বাকি সদস্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন