Views Bangladesh Logo

বিডিআর বিদ্রোহ

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক ৮ বিডিআর সদস্য

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আট সাবেক বিডিআর সদস্য। ২০০৯ সালের পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করলে তারা কারামুক্ত হন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন হাই-সিকিউরিটি ইউনিট এবং বাকি সাতজন পার্ট-২ ইউনিটে বন্দি ছিলেন। জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে শুক্রবার (১ মে) বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা যাচাই করা হয়। অন্য কোনো মামলায় তাদের বিরুদ্ধে আটকাদেশ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির সময় কারাফটকে তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিলখানা বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর আদালত এই মামলায় তাদের জামিন প্রদান করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে এক ভয়াবহ বিদ্রোহের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়। ২০১৩ সালে হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনো বিচারাধীন। ওই হত্যা মামলায় কয়েক শ আসামিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তবে বিস্ফোরক মামলায় জামিন পাওয়ায় আটজন সাবেক বিডিআর সদস্য দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে বের হলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ