২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম রোগে এবং বাকি সাতজনের হাম-সদৃশ উপসর্গে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত একদিনে ১ হাজার ৪২১ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জনে।
এ সময়ের মধ্যে নতুন করে ১৪৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৪৩৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মোট মৃত্যুর সংখ্যাও বাড়ছে। নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন। অন্যদিকে, একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মোট ২১৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে