Views Bangladesh Logo

ফেনীতে বিক্ষোভ মিছিলের ঘটনায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের হাজারী রোডের পশ্চিম মাথায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নিষিদ্ধ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে আটজনকে আটক করা হয়। তারা হলেন সেনবাগ উপজেলার মুজিরখিল এলাকার মো. ইসলামের ছেলে ফখরুল ইসলাম (২৩), বীরকোট এলাকার আবদুল জলিলের ছেলে ইমাম হোসেন (২৪), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে শহিদুল ইসলাম স্বাধীন (২৩), বশির পাটোয়ারীর ছেলে রোহান পাটোয়ারী (২৩), জহিরুল ইসলামের ছেলে ফখর (২২), এবাদুল হকের ছেলে মো. তানিম (২২), কেশাবপাড় এলাকার আবদুর রশিদের ছেলে গোলাম রাব্বি (২৩) এবং শাহজাহানের ছেলে নুর ইসলাম (২২)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলের ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ বলছে, রাতে মহাসড়কের পাশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেওয়ার খবর পাওয়ার পরপরই অভিযান চালানো হয়। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে শহরের সালাহউদ্দিন মোড় এলাকা থেকে ওই আটজনকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ