Views Bangladesh Logo

নেত্রকোনায় অশ্লীল ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৮

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, এসব ফোনে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে।

শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে সাতজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজুল ইসলাম (৩০), শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), কাজল মিয়া (২০), হাবিবুর রহমান হাবি (৪০) এবং মনিরা আক্তার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় আরও দুই নারী ও ছয় থেকে সাতজন সহযোগী পালিয়ে যান। জব্দ করা ১০টি স্মার্টফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে শতাধিক ভিডিওর অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আট গ্রেপ্তার ব্যক্তিসহ ১৪ জনের নামে মামলা করেছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ