পবিত্র ঈদুল ফিতর আজ
এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছেন মুসল্লিরা।
রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদের নামাজে অংশ নেবেন বলে জানা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, প্রধান জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিম এবং নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ এলাকা ও আশপাশে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হয়েছে। একই সঙ্গে দেশের হাসপাতাল, কারাগার, শিশু সদন, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাজধানীর বিভিন্ন শিশু পার্ক, জাদুঘর, আহসান মঞ্জিল এবং লালবাগ কেল্লা-সহ বিভিন্ন দর্শনীয় স্থানে বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে