ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ঘোষণা করা হবে দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করবেন।
সারা দেশ থেকে প্রাপ্ত শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এরপরই নির্ধারিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখার তথ্য সরাসরি জানাতে কয়েকটি টেলিফোন নম্বর সচল রাখা হয়েছে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে