পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুনশী আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সফর মাস আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) ৩০ দিন পূর্ণ করবে। এরপর শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে।
রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিউব্বুল্লাহিল বাকী নাদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলামসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মতামত দিন