ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে: যাত্রীকল্যাণ সমিতি
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি জানিয়েছে এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে পারে। বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি করেন।
সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাস-মিনিবাসসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় চলছে। বুধবার থেকে রাজধানীসহ বিভিন্ন নগরীর সিটিবাসেও এই নৈরাজ্য শুরু হয়েছে। নৌপথের বেশিরভাগ রুটেও একই চিত্র দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়।
সমিতির তথ্যমতে, এবারের ঈদে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রী যাতায়াত করতে পারেন। পাশাপাশি সিটি সার্ভিসে আরও প্রায় ৬০ লাখ ট্রিপ যাত্রীর চলাচলের সম্ভাবনা রয়েছে। ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত যাতায়াত পরিস্থিতি, অগ্রিম টিকিট ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করে এ তথ্য তুলে ধরা হয়।
বার্তায় অভিযোগ করা হয়, প্রায় ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিভিন্ন রুটে স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ বা তার বেশি ভাড়া নেওয়ার উদাহরণও তুলে ধরা হয়। ঈদ যত ঘনিয়ে আসছে, ভাড়ার হার তত বাড়ছে বলেও জানানো হয়েছে।
এছাড়া যাত্রীদের নির্ধারিত গন্তব্যের টিকিট না দিয়ে দূরের গন্তব্যের টিকিট কিনতে বাধ্য করার মতো অনিয়মের অভিযোগও করা হয়েছে। একই সঙ্গে ৪০ ও ৫২ আসনের বাসের ভাড়া ভিন্ন হলেও অনেক ক্ষেত্রে একই হারে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
সমিতি জানায়, চালক-সহকারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে তা পরিশোধ করা হয় না। দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি, বাড়তি খরচ ও অধিক মুনাফার আশায় পরিবহন খাতে এ ভাড়া নৈরাজ্য চলছে বলে দাবি করা হয়েছে।
হিসাব অনুযায়ী, দূরপাল্লার রুটে গড়ে প্রতি যাত্রীকে অতিরিক্ত ৩৫০ টাকা করে দিতে হচ্ছে, যার ফলে মোট অতিরিক্ত আদায় দাঁড়াতে পারে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে সিটি বাসে অতিরিক্ত ভাড়া থেকে আরও প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ঈদযাত্রায় প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় গণপরিবহনে ডিজিটাল লেনদেন চালু, নগদ লেনদেন বন্ধ, সড়ক-মহাসড়কে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার এবং আইনের সুশাসন নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে