Views Bangladesh Logo

নোয়াখালীর পাঁচ গ্রামে আজ ঈদ

নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচ গ্রামের কাদেরিয়া তারিকার অনুসারী দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করবেন। প্রায় শত বছর ধরে চলে আসা সংস্কৃতির সাথে মিল রেখে এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ মার্চ) তিন উপজেলার ১০ টি মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন তারা।

গ্রামগুলো হলো : নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম। এসব গ্রামে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাদেরিয়া তরিকার অনুসারীরা দাবি করেন, বড় পীর আবদুল কাদির জিলানী (র.) এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। তাই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখেন। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কাদেরিয়া তরিকার অনুসারী মো. সিরাজ মিয়া বলেন, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী আমরা সৌদি আরবের সাথে মিল রেখেই রোজা শুরু করি এবং ঈদ উদ্যাপন করি। এ বছরও আমরা তার ব্যতিক্রম করবো না।

নোয়াখালী পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলিয়ে নোয়াখালীর তিন উপজেলার পাঁচটি গ্রামে দুই শতাধিক মুসল্লী আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন। তাদের ঈদ উদ্যাপন যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ