২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৪ লাখ টাকা টোল আদায়
ঈদের সরকারি ছুটি শুরু হতে এখনো বাকি দুদিন, তবে এর আগেই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে উত্তরের মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ যেমন বেড়েছে, তেমনই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহনের চলাচল প্রায় দ্বিগুণ হয়েছে। তবে যানবাহনের এই বাড়তি চাপ সত্ত্বেও মহাসড়কের কোথাও কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে সর্বমোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সেতুর পূর্ব টোলপ্লাজা অর্থাৎ উত্তরবঙ্গগামী লেনে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে পার হওয়া ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
এ ব্যাপারে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘শুক্রবার বিকেল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল পর্যন্ত ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে আজ থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হবে।’
এদিকে মহাসড়কে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে তৎপর রয়েছে প্রশাসন। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে