ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রশাসক বলেন, ‘জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে যদি আবহাওয়া অনুকূলে না থাকে, তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। থাকছে ভিআইপি ব্লকে ২৫০ জনের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, নারীদের জন্য পৃথক ব্লক ও প্রবেশপথ, অজু ও সুপেয় পানির সুবিধা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।
তিনি আরও জানান, কোরবানির পশু বিক্রয়ের জন্য নগরীর আটটি স্থানে অস্থায়ী হাট বসানো হয়েছে। এসব হাটে থাকবে পুলিশ, পরিচ্ছন্নতা কর্মী, পশু চিকিৎসা টিম এবং এটিএম বুথ। হাট শেষ হওয়ার পরপরই দ্রুত পরিষ্কারের পরিকল্পনা নেয়া হয়েছে।
প্রশাসক জানান, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এবার প্রায় ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেয়া হয়েছে।
মো. শাহজাহান মিয়া বলেন, ‘৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া নগরভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে যাতে হাট ও বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।’
নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সহযোগিতা করতে। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক বলেন, ‘আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ইদের জামাতে অংশ নিন, আমরা সর্বোচ্চ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।’
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে