ঈদযাত্রা ঝামেলামুক্ত হবে: সড়ক পরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ ঈদ উদযাপনের জন্য ঢাকা ছাড়বেন। এ বিপুল চাপ সামাল দিয়ে সবাই যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ ঈদ উপলক্ষে ঢাকা ছাড়বেন। এত বড় চাপ সামাল দেওয়া চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যেভাবে কাজ করছি, তাতে আশা করছি সবাই কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন।”
অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা–বরিশাল মহাসড়ক এখনো দুই লেনের, যা যান চলাচলের জন্য পর্যাপ্ত নয়।
তিনি আরও বলেন, “এই মহাসড়কটি প্রশস্ত করা প্রয়োজন এবং সরকার বিষয়টি উপলব্ধি করছে। আমি নিজে এলাকা পরিদর্শন করেছি এবং যত দ্রুত সম্ভব কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে