হামের রোগীদের দায়িত্বে থাকা ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
হামের রোগীদের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা ঈদের সময়েও অব্যাহত থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না। থাকতে হবে।
টিকাদান নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ভ্যাকসিন গ্রহণ করলেও শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না যে কেউ হাম আক্রান্ত হবে না। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হলে কিংবা ভাইরাসের সংক্রমণ বেশি হলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়।
তিনি বলেন, যদি বেশিভাবে ভাইরাসটা ছড়িয়ে যায়, ক্ষেত্র বিশেষে হতেও পারে। এটা কতটুকু গ্যারান্টি আমি জানি না, আই অ্যাম নট এ সায়েন্টিস্ট।
ঈদের সময় শিশুদের নিয়ে ভিড় এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়াই ভালো। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং সংস্পর্শ ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশঙ্কা করছেন, ঈদে বাস-ট্রেন ভ্রমণ, আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত এবং মানুষের অবাধ মেলামেশার কারণে হাম সংক্রমণ আরও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে