Views Bangladesh Logo

কোথায় কখন ঈদের জামাত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সকাল ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণ সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া বা অন্য কোনো কারণে যদি জামাত এখানে সম্ভব না হয়, তাহলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এই জামাতে নামাজ আদায় করবেন।

এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। বিশেষ অতিথি ও ভিআইপিদের জন্য ৩৩০টি স্থান রাখা হয়েছে, যার মধ্যে ২৫০ পুরুষ ও ৮০ নারী। সাধারণ মুসল্লিদের জন্য আলাদা জায়গা ও পর্দা নিশ্চিত করা হয়েছে—পুরুষদের জন্য ৩১ হাজার এবং নারীদের জন্য ৩,৫০০।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ বছর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১১.১৫টায়। দুই সিটি করপোরেশনের এলাকার অন্যান্য মসজিদে ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় জামাত আয়োজন করেছে, যেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ বছর রাজধানীতে মোট ১,৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে জামাত হবে। ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করবে।

ঢাকার বাইরে চট্টগ্রামে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে, যেখানে সকাল ৮টা ও ৮.৪৫টায় দুইটি জামাত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠেও সকাল ৮.৩০টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুরে গোর-এ-শহীদ বড় মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য পাঁচ স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাত শুরুর আগে পরপর তিনবার ফাঁকা গুলি ছোড়া হবে। মুসল্লিদের সুবিধার্থে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ লাইনে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ