Views Bangladesh Logo

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাসের সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সকাল থেকেই নগরীজুড়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।

এ জামাতে অংশ নেন সিলেট অঞ্চলের দুই মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

একই সময়ে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা আসজাদ আহমদ। হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নারী ও শিশুদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়।

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পর্যায়ক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কালেক্টরেট জামে মসজিদ, জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসা এবং দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানেও নির্ধারিত সময়ে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া কাজিরবাজার মখন জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহসহ নগরীর বিভিন্ন এলাকায় এবং পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সর্বত্রই ছিল উৎসবমুখর পরিবেশ ও মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণ।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুরো সিলেটজুড়েই ঈদকে ঘিরে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ