Views Bangladesh Logo

আজ মিলছে ২৬ মে’র ঈদ যাত্রার অগ্রীম ট্রেন টিকিট

 VB  Desk

ভিবি ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ঈদযাত্রার চতুর্থ দিনের, অর্থাৎ ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি হবে শনিবার (১৬ মে)।

শনিবার (১৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের দীর্ঘ ভোগান্তি কমানো, টিকিট সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সহজে ঘরে বসেই টিকিট কেনার সুযোগ দিতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ফলে কাউন্টারে অতিরিক্ত ভিড় এড়ানোর পাশাপাশি যাত্রীরা নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন, ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ