বেলজিয়ামের জালে গোল, এগিয়ে মিসর
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দারুণ শুরু করেছে মিসর। ম্যাচের ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ইমান আশুর। তার গোলে ১–০ ব্যবধানে লিড নেয় ফারাওরা।
বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হয় ম্যাচটি। বিশ্বকাপে দুই দলের জন্যই এটি ছিল গুরুত্বপূর্ণ সূচনা। মিসর তাদের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহকে শুরুর একাদশে রেখেই মাঠে নামে। সালাহর সঙ্গে আক্রমণভাগে আছেন ওমর মারমুশ। বিশ্বকাপের গ্রুপ পর্ব কখনো পেরোতে না পারা মিসর এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে খেলছে।
অন্যদিকে, বেলজিয়ামকে নেতৃত্ব দিচ্ছেন কেভিন ডি ব্রুইনে। তবে শুরুর একাদশে জায়গা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুর। হ্যামস্ট্রিং সমস্যার কারণে পুরোপুরি ফিট না থাকায় তাকে বেঞ্চে রাখা হয়েছে। আক্রমণভাগে খেলছেন শার্ল দে কেতেলারে, আর দুই প্রান্তে রয়েছেন জেরেমি ডোকু ও লিয়ান্দ্রো ট্রোসার্ড।
বেলজিয়ামের গোলবার সামলাচ্ছেন থিবো কোর্তোয়া। মাঝমাঠে ডি ব্রুইনের সঙ্গে আছেন ইউরি তিলেমান্স ও আমাদু ওনানা।
ফিফা র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নেমেছিল বেলজিয়াম। কিন্তু শুরুতেই গোল হজম করে চাপে পড়ে ইউরোপের দলটি। তাই বিশ্বকাপের গ্রুপ পর্বে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় চমকের একটি হওয়ার আভাস দিচ্ছে। এখন দেখার বিষয়, সালাহদের মিসর এই লিড ধরে রেখে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে কি না।
গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম ও মিসরের সঙ্গে রয়েছে ইরান এবং নিউজিল্যান্ড। ফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচের ফল দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
মতামত দিন