বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
২০২৬ বিশ্বকাপে দারুণ সাফল্যের পুরস্কার পেলেন মিশরের কোচ হোসাম হাসান। জাতীয় দলের সঙ্গে তার চুক্তি নবায়ন করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত মিশরের ডাগআউটে থাকবেন ৬০ বছর বয়সী এই কোচ।
২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসানের অধীনে ঘুরে দাঁড়াতে শুরু করে মিশর। সর্বশেষ ২০২৬ ফিফা বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে তুলেছেন তিনি। তার অধীনেই নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় মিশর।
শেষ ষোলোতে অবশ্য তাদের বিশ্বকাপযাত্রা থেমে যায়। আর্জেন্টিনার বিপক্ষে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। পরে টুর্নামেন্টের ফাইনালেও ওঠে দলটি।
বিশ্বকাপের আগেও হাসানের সাফল্য ছিল উল্লেখ করার মতো। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে মিশরকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। ধারাবাহিক উন্নতি ও বিশ্বকাপে দলের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার দীর্ঘমেয়াদি চুক্তি পেয়েছেন সাবেক এই মিশরীয় তারকা।
তবে মজার বিষয় হলো, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই মিশরের দায়িত্ব পালন করছিলেন হাসান। গত জুনে নিজেই বিষয়টি জানিয়েছিলেন তিনি। নতুন চুক্তির ফলে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। এখন ২০৩০ সাল পর্যন্ত মিশরের দায়িত্বে থাকছেন তিনি।
হাসানের সামনে অবশ্য খুব বেশি সময় নেই। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে ২৫ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে মিশর। চার দিন পর তাদের প্রতিপক্ষ দক্ষিণ সুদান। বিশ্বকাপের সাফল্যের পর এবার আফ্রিকান ফুটবলের মঞ্চেও দলকে এগিয়ে নেওয়ার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কোচ হোসাম হাসানের সামনে।
মতামত দিন