লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় ডিম নিক্ষেপ-হাতাহাতি, আটক ৩
লন্ডনে একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এনসিপি নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন 'মায়েদা গ্রিল' রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে নির্ধারিত সময়ের আগেই সভাস্থলের বাইরে অবস্থান নেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা সেখানে পৌঁছালে এনসিপি সমর্থকদের সঙ্গে মুখোমুখি উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন আওয়ামী লীগ সমর্থকরা।
উত্তেজনা চরমে পৌঁছালে অনুষ্ঠানস্থলের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও এই উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর অর্থাৎ রাত ৯টার দিকে কড়া পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পুলিশি নিরাপত্তায় তিনি সভাস্থল ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, সভায় যোগ দেওয়ার আগে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা এলেম পার্ক এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের পিছু নেন এবং উসকানিমূলক মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তারা নিরাপত্তার জন্য পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিলে সেখানেও ডিম ছুড়ে মারা হয়।
এ সময় ডিম গিয়ে পড়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।
লন্ডন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সভাস্থল ও এর আশপাশ এলাকা থেকে অন্তত তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র নিশ্চিত করে, আটককৃতদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে তাকে হাতকড়া পরিয়ে পুলিশের প্রিজন ভ্যানে তুলতে দেখা গেছে। তবে আটককৃতদের বিরুদ্ধে স্কটল্যান্ড ইয়ার্ড কী ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
লন্ডনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করে। এসব কর্মকাণ্ড ‘কাপুরুষোচিত’ এবং ‘পূর্বপরিকল্পিত উসকানির অংশ’। ভয়ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো বেরিয়ে আসতে পারেনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং ক্ষমতার অহংকারই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছে।
মতামত দিন