Views Bangladesh Logo

হাদি হত্যার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোকে সহজেই ‘মব জাস্টিস’ বলে অভিহিত করার প্রবণতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সব ঘটনাকে মব জাস্টিস বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে এগুলো বিচ্ছিন্ন অপরাধ।

সোমবার (৯ মার্চ) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে এবং দুই দেশের মধ্যে থাকা আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মাদক কারবারিদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় এ ধরনের তালিকা রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই তালিকাটি পেশাদারভাবে প্রস্তুত করা হবে এবং আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কক্সবাজার আমাদের দেশের গর্ব এবং এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সশস্ত্র সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা অন্য কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে।

সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ