Views Bangladesh Logo

২ বছর বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ চালুর উদ্যোগ

দীর্ঘদিন বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিতব্য বার্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের এই বৈঠকে তিনটি ট্রেন সেবা পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, উভয় পক্ষ সম্মত হলে আগামী মাস থেকেই বন্ধ থাকা আন্তঃদেশীয় ট্রেন সেবা চালু হতে পারে। একই বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। এছাড়া পদ্মা সেতু হয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস পরিচালনার আগ্রহও প্রকাশ করবে বাংলাদেশ রেলওয়ে।

দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষের এই বৈঠক পরিচিত ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঢাকার রেল ভবনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার এজেন্ডা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে তিনটি ট্রেন চালুর জন্য শুধু রেলওয়ে কর্তৃপক্ষের সম্মতিই যথেষ্ট নয়, প্রয়োজন হবে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মতামতও। মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

কর্মকর্তারা জানান, আন্তঃদেশীয় ট্রেন সেবা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রাজনৈতিক পর্যায় থেকে।

প্রতি বছর পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২০-২২ জানুয়ারি নয়াদিল্লিতে। বেশ কয়েকবার তারিখ পরিবর্তনের পর এবার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্তঃদেশীয় ট্রেন সেবা ব্যাহত হয়। ১৬ জুলাই বন্ধ করে দেওয়া হয় মৈত্রী এক্সপ্রেস। এরপর ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনই বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলালেও ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন সেবা আর স্বাভাবিক হয়নি। দীর্ঘ বিরতির পর এখন আইজিআরএম বৈঠকের মাধ্যমে ট্রেন চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে।

বর্তমানে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে ঢাকা ও কলকাতার মধ্যে। বন্ধন এক্সপ্রেস যুক্ত করে খুলনা ও কলকাতাকে, আর মিতালী এক্সপ্রেস চলে ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে। কর্মকর্তারা বলেন, এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেনের প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তঃদেশীয় রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ