মেহেরপুরে নাহিদ-হাসনাত-সারজিসের ছবিসহ ঝুলানো হল কুশপুত্তলিকা
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সংবলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখা হয়েছে। সোমবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ভবনসংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে স্থানীয়রা এগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে।
উদ্ধার করা কুশপুত্তলিকাগুলোতে এনসিপির নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কয়েকজনের ছবি ছিল। এছাড়া সেখানে ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে’ এবং ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’—এ ধরনের স্লোগানও লেখা ছিল।
সোমবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য জনসমাগম নষ্ট করতে এবং মানুষের মধ্যে ভীতি ছড়াতে একটি দুর্বৃত্ত চক্র এ ঘটনা ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও তিনি জানান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কুশপুত্তলিকাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মতামত দিন