কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত
রাজধানীর নির্বাচিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ‘ব্লেন্ডেড লার্নিং’ বা সমন্বিত শিক্ষাব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যবস্থায় অনলাইন ও সশরীরে—দুই মাধ্যমেই ক্লাস পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এ এন এম এহসানুল হক মিলন এ ঘোষণা দেন।
তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট, রাজধানীর তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজও অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন ব্যবস্থায় সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে শ্রেণিকক্ষে বসে ক্লাস করবে শিক্ষার্থীরা এবং বাকি তিন দিন তারা অনলাইনে ক্লাস করবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার, সোমবার ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
এ ব্যবস্থায় শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে, সেগুলোতেই ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি চালু করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে