দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।
ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে পুরোদমে ক্লাস ও শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হওয়ায় শিখনে ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও অভিভাবকদের রিটের পর হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিখন ঘাটতি কমাতে ঈদের পর প্রথম ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে