স্কুলের টিফিনের পাউরুটিতে ব্লেড: তদন্ত কমিটি গঠন, শিক্ষা কর্মকর্তাকে শোকজ
সরকারি টিফিন হিসেবে বিতরণ করা পাউরুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় বরিশালের গৌরনাদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় বিষয়টি জানানোয় গাফিলতির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় পরিদর্শনের পর গৌরনাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির প্রধান করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাকে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইউএনও জানান, ঘটনাস্থল থেকে ব্লেডযুক্ত পাউরুটি জব্দ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিষয়টি জানার পরও তাকে অবহিত না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
এদিকে পাউরুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, তাদের সরবরাহ করা পাউরুটি ‘কোকো কোলা ম্যানুফ্যাকচারিং’ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় উৎপাদন হওয়ায় মিশ্রণের সময় ধাতব বস্তু থাকলে তা গুঁড়া হয়ে যাওয়ার কথা। তাই আস্ত একটি ব্লেড পাউরুটির ভেতরে পাওয়া অস্বাভাবিক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেটাল ডিটেকশন বিভাগের কর্মকর্তারাই বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন।
ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে। প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ সরকারি টিফিনের পাউরুটি খাওয়ার সময় ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পেয়ে শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানায়। ব্লেডটি খাওয়ার আগেই দেখতে পাওয়ায় শিক্ষার্থীটি অক্ষত থাকে।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সাইফুন নাহার জানান, ঘটনার পরপরই বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল।
মতামত দিন