Views Bangladesh Logo

বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি নারীদের কাছ থেকে ‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রতি বছর ৯ ডিসেম্বর দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন করা হয়। এ উপলক্ষে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়।

‘বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা-২০২৫’ অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদান রাখা নারীদের মনোনয়ন পাঠানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মনোনয়ন আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সফট কপি ও হার্ড কপি আকারে সমন্বয় শাখায় পাঠাতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়, আবেদনপত্র ও নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ছক ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ