তিতুমীর কলেজে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা
বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ-১ অধিশাখা) মো. নুরুজ্জামান জানান, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। তাদের দাবিগুলো শুনব, এরপর বিস্তারিত জানানো হবে’।
এর আগে বিকেল চারটা ৪০ মিনিটের দিকে কলেজ থেকে মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান রেলকর্মীরা। পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটিকেও মহাখালী থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।
ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ‘ট্রেন আটকে দেয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে। সে অনুসারে ট্রেনটিকে পেছানো হয়। এটি সম্ভবত তেজগাঁও রেলস্টেশনে রাখা হবে। বিষয়টি আমি নিশ্চিত নই। আমাকে যে জায়গায় সিগন্যাল দেয়া হবে, সেখানেই থামবো’।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন তিতুমীরের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল-সমাবেশ, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছে ‘তিতুমীর ঐক্য’। দাবিপূরণের সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে বিশেষ কমিটিও গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
তবে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী।
আর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির আওতায় সড়ক-রেলপথ অবরোধ করছেন আন্দোলনকারীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে