Views Bangladesh Logo

গবেষণার মান বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর, বুটেক্সে ৬৩০ নবীনকে বরণ

দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ গবেষণার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই।

বুধবার (১ জুলাই) বুটেক্সের ৫২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্ববাজারে টেক্সটাইল শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করতে বুটেক্সের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। তারাই আগামী দিনে দেশের টেক্সটাইল খাতের নেতৃত্ব দেবে। আমরা চাই, বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে আরও এগিয়ে যাক। এজন্য গবেষণার মান বাড়ানো অত্যন্ত জরুরি।

আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রপ্তানি খাতকে আরও সম্প্রসারণের জন্য নতুন নতুন উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিতে হবে।

সরকারের শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা, বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার বিকল্প নেই।

তিনি জানান, প্রাথমিক শিক্ষায় মিডডে মিল ও বিনামূল্যে স্কুলড্রেস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাকে আরও আনন্দময় ও সময়োপযোগী করতে কাজ চলছে। ২০২৭ সালের মধ্যে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যেও সরকার কাজ করছে।

ড. মিলন আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময়ের অপচয় রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুবিধা পেতে সময়মতো দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ৫২তম ব্যাচের ৬৩০ জন নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ