Views Bangladesh Logo

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি’

নিজের একটি মন্তব্য নিয়ে আপত্তি ওঠার পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি, দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া এবং পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে দিনভর আন্দোলন করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার বিকেলে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

পরে শিক্ষার্থীরা আড়ংয়ের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং ইটপাটকেল নিক্ষেপের অভিযোগও ওঠে।

এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত পরীক্ষার পুনরায় আয়োজন এবং পরবর্তী পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ।

এ ছাড়া প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান আন্দোলনকারীরা।

দিনভর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ