এনটিআরসিএর পরীক্ষা চলাকালীন ভিন্নধর্মী পরিদর্শনে শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল) এই পরীক্ষা চলাকালীন কেন্দ্রের জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায় শিক্ষামন্ত্রীকে।
মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি হলরুমের বাইরে দাঁড়িয়ে জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য পর্যবেক্ষণ করছেন। ভেতরে যখন পরীক্ষার্থীরা গভীর মনোযোগে ব্যস্ত, মন্ত্রী তখন সেই দৃশ্য বাইরে দাঁড়িয়ে পরখ করে নিচ্ছিলেন হলের ভেতরের শৃঙ্খলা ও স্বচ্ছতা।
প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে এমন নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে দৃষ্টি কাড়ে।
এসময় তিনি সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরীক্ষা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে একটি ধাপ শেষ হয়েছে, বাকিগুলো দিনের বিভিন্ন সময়ে সম্পন্ন হবে। রাজধানীর ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষাকে সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে