১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের অধীনে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র এবং যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষায় প্রতিকূল আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা পরীক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন করবেন।
একই নির্দেশনা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এছাড়া নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।
মতামত দিন