সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বুধবার পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনো কারাবন্দী এবং অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। এতে তাঁদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে।
সম্পাদক পরিষদ জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে একাধিকবার এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। মামলাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিললেও এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করার কথাও বিবৃতিতে বলা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে যথাযথ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন হলেও হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত দেয় সংগঠনটি।
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার—এই প্রত্যাশাই তারা পুনর্ব্যক্ত করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে