Views Bangladesh Logo

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ জুন ঢাকার ধানমন্ডি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা হামলা ও হেনস্তার শিকার হন। এ ঘটনায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তদন্তের আশ্বাস দেওয়া হলেও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো যৌক্তিকতা বা গ্রহণযোগ্যতা নেই।

সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকেরা নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ