স্বাধীন ও ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান সম্পাদকদের
সংবাদমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার এবং নির্ভীক সাংবাদিকতা নিশ্চিত করতে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ৩৪টি পত্রিকার সম্পাদকরা।
এক যৌথ বিবৃতিতে সম্পাদকরা বলেন, দীর্ঘ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের পর দেশের মিডিয়া খাতেও ব্যাপক কাঠামোগত সংস্কার প্রয়োজন। বিগত শাসনামলে সংবাদমাধ্যম প্রাতিষ্ঠানিক ও মনস্তাত্ত্বিক দমন-পীড়নের শিকার হয়েছে, যা সংবাদকক্ষে ভয়ের সংস্কৃতি ও আত্মসেন্সরশিপ তৈরি করেছে। এই পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
বিবৃতিতে বলা হয়, ‘জনগণের তথ্য জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠান ছাড়া সংবাদকক্ষে সাহসী সাংবাদিকতা ফিরিয়ে আনা সম্ভব নয়।’
সম্পাদকরা আরও বলেন, একক কোনো সম্পাদকের পক্ষে বিদ্যমান ভয় বা বাইরের চাপ কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব নয়। তবে একটি একটি সম্মিলিত ও আপসহীন সম্পাদকীয় জোট সাংবাদিকদের আত্মবিশ্বাস ও স্বাধীনতাকে শক্তিশালী করতে পারে।
এ ছাড়া বিবৃতিতে জোর দেওয়া হয় যে, এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মিডিয়া মালিকদের ব্যবসায়িক স্বার্থ, সরকার, রাজনৈতিক মহল ও প্রভাবশালী গোষ্ঠীর অনুচিত হস্তক্ষেপ প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা এই সংগঠন গঠনের প্রয়োজনীয়তাকে ক্রমশ জরুরি হয়ে উঠছে বলে উল্লেখ করেন এবং অচিরেই সাংগঠনিক কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি দেন।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, আমার দেশ, যায়যায়দিন, নয়া দিগন্ত, প্রতিদিনের বাংলাদেশ, দ্য ডেইলি সংগ্রাম, দ্য নিউ নেশন, ওয়াদা, বাংলাদেশের খবর, ডেইলি সান, খবরের কাগজ, ভোরের ডাক, দৈনিক জনতা, মানবকণ্ঠ, রূপালী বাংলাদেশ, খোলা কাগজ, টাইমস অব বাংলাদেশ, বাংলাবাজার পত্রিকা, খবর সংযোগ, ক্যাপিটাল নিউজ, খবরপত্র, নওরোজ, গণমুক্তি, কর্ণফুলী, নতুন প্রভাত, অনির্বাণ, দাবানল, যুগের আলো, প্রবাহ, জালালাবাদ, নিউ টাইমস এবং লোকসমাজ পত্রিকার সম্পাদকরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে