Views Bangladesh Logo

বাংলাদেশের এলডিসি উত্তরণে প্রস্তুতির সময় বাড়ানোর সুপারিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর অনুরোধ জাতিসংঘের সাধারণ পরিষদে বিবেচনার জন্য সুপারিশ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)।

মঙ্গলবার (২১ জুলাই) নিউইয়র্কে স্থানীয় সময় অনুষ্ঠিত ইকোসকের এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে পাঠানো হয়েছে।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আবেদন উপস্থাপন করেন। তিনি উভয় দেশের পক্ষ থেকে অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরে বলেন, এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে এই অতিরিক্ত প্রস্তুতিকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশ ও নেপালের আবেদন পর্যালোচনা করে মত দেয় যে, বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে বিবেচনার জন্য উপস্থাপন করা সমীচীন হবে। সেই সুপারিশের ভিত্তিতেই ইকোসক সাধারণ পরিষদকে আগামী ২৪ নভেম্বর ২০২৬-এর আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে।

বর্তমান সময়সূচি অনুযায়ী, ২৪ নভেম্বর ২০২৬ তারিখেই বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণের কথা রয়েছে।

সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এলডিসি থেকে বাংলাদেশের সফল ও টেকসই উত্তরণে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদ প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে বাংলাদেশ প্রয়োজনীয় নীতিগত সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি-পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি আরও জোরদার করতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ