Views Bangladesh Logo

রাজনীতির মতো অর্থনীতিও গণতান্ত্রিক করতে হবে: আমীর খসরু

 VB  Desk

ভিবি ডেস্ক

শুধু রাজনীতিই নয়, দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “রাজনীতিকে গণতান্ত্রিক করবেন আর অর্থনীতিকে করবেন না — সেটা হবে না। অর্থনীতির ক্ষেত্রেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি। আমাদের বড় সমস্যা হলো, আমরা রাজনীতিকে গণতন্ত্রায়িত করতে চাই, অথচ অর্থনীতিকে সেই জায়গায় নিতে চাই না।”

সোমবার (১৪ জুলাই) ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে কর্মশালাটি হয়।

এতে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান এবং ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের ট্রেডবডিগুলোর সক্ষমতা বাড়াতে হবে। কারণ ভবিষ্যতে সরকারের অনেক দায়িত্বই বেসরকারি খাতের এসব সংগঠনকে দিতে চাই। সরকার যত বেশি কাজ করবে, তত বেশি জটিলতা ও আমলাতান্ত্রিকতা বাড়বে। আর সরকারের কাজ কমানো গেলে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।”

বিএনপি নেতা আমির খসরু বলেন, “ভবিষ্যতে আমরা সরকারে গেলে পুঁজিবাজারকে ধারাবাহিকভাবে শক্তিশালী করব। সরকারের সমর্থন ছাড়া ক্যাপিটাল মার্কেট বড় হতে পারে না। অথচ বাংলাদেশ ব্যাংক এখন ৪ বিলিয়ন ডলারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারে দ্বারে ঘুরছে। এই অবস্থায় ক্যাপিটাল মার্কেট শক্তিশালী হলে, সরকারকে বিদেশিদের কাছে ধরনা দিতে হতো না।”

তিনি আরও বলেন, “বাজারে আস্থা ফেরানোর জন্য নতুন কিছু আবিষ্কারের দরকার নেই। বিশ্বব্যাপী যেসব সফল মডেল রয়েছে, সেগুলোই আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছা।”

বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, “বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। ফলে সে সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়মের সুযোগ তৈরি হয়নি। অথচ বর্তমানে এসব প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়মে জর্জরিত।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ