বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নরের হিসেবে দায়িত্ব পেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (১৩ অগাষ্ট) রাত ১০টার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আফসানা বিলকিস।
আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন এই অর্থনীতিবিদ। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর গত ১০ আগস্ট পদত্যাগ করেন আবদুর রউফ তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। তবে ৭২ বছর বয়সী ড. আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়ার আগে পূর্বের নিয়ম সংশোধন করে গভর্নর পদের বয়সসীমা তুলে দেয় সরকার।
বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ড. মনসুর। একই বছরে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডা চলে যান।
একজন স্নাতকোত্তর ছাত্র এবং গবেষণা সহকারী হিসেবে তিনি কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ে (১৯৭৮-৮১) স্নাতক পর্যায়ে নিয়মিত অর্থনীতি কোর্সও পড়াতেন।
এরপর তিনি ১৯৮১ সালে ইকোনমিস্ট প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) যোগদান করেন এবং তারপরে ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে