ব্যবসায়ী হত্যা মামলায় জামিন পেলেন অর্থনীতিবিদ আবুল বারকাত
রাজধানীর নীলক্ষেত এলাকায় বিগত জুলাই আন্দোলন চলাকালে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপ্লিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) শামসুদ্দোহা সুমন জানান, পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিল করার আগে পর্যন্ত ৫ হাজার টাকা বন্ডে আদালত অধ্যাপক বারকাতের জামিন মঞ্জুর করেছেন।
মামলার শুনানিতে আবুল বারকাতের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শাহিনুর ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত রোববার (১৪ জুন) এই হত্যা মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনই তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন। তবে সোমবার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। আজ পুনরায় শুনানির পর তিনি জামিন পেলেন।
উল্লেখ্য, অ্যানোটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের একটি মামলায় গত ১০ জুলাই ধানমণ্ডির ৩ নম্বর রোডের নিজ বাসভবন থেকে এই অর্থনীতিবিদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি জেলহাজতে ছিলেন।
মতামত দিন