অর্থনৈতিক সংস্কার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: অর্থ উপদেষ্টা
রাজনৈতিক বা অন্য সংস্কারের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তায় বেশি জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার (২৬ জানুয়ারি ২০২৫) ঢাকার আগারগাঁও রাজস্ব ভবনে আন্তর্জাতিক শুল্ক দিবসের সেমিনারে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিকসহ নানা সংস্কার নিয়ে আলোচনা করছি। তবে, যে অর্থনৈতিক সংস্কার হচ্ছে, সেটিই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।’
রাজস্ব ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তার ধীরগতি তুলে ধরে দক্ষ রাজস্ব আদায় নিশ্চিতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান সালেহউদ্দিন।
‘জোরপূর্বক রাজস্ব আদায় গ্রহণযোগ্য নয় এবং টেবিলের নিচে অন্যায় অর্থ সংগ্রহের মতো কোনো অনুপযুক্ত উপায় থাকা উচিত নয়। ব্যবসায়ীরা সরকারকে কর দেবেন এবং তাদের স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত’- বলেন তিনি।
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নাধীন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটির কার্যক্রম ২০১৭ সালে শুরু হলেও সম্পূর্ণ হতে লেগেছিল ছয় বছর। সুতরাং, আপনি পরিস্থিতি কল্পনা করতে পারেন।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘চালের দাম বাড়লে মানুষ এমনভাবে কথা বলে যেন, এক হাজার টাকায় উঠে গেছে। কিছু জিনিসের দাম কমতে পারে, আবার কিছু বাড়তে পারে।’
সরকারের বৃহত্তর সমালোচনার প্রতিক্রিয়াও দেন অর্থ উপদেষ্টা। এটিকে এমন একজন শিশুর সঙ্গে তুলনা করেন, যার কৃতিত্বের জন্য উৎসাহ প্রয়োজন।
‘যদি আমি ১০০ নম্বরের মধ্যে ৭০ অর্জন করি, তাহলে কেন ১০০ ছিল না, তাতে মনোযোগ দেয়ার বদলে লোকদের বলা উচিত, ‘আপনি ভালো করেছেন, তবে আপনি আরও ভালো করতে পারেন’ বলেও মন্তব্য করেন তিনি।
শাসনের জটিলতার কথা স্বীকার করে তিনি যোগ করেন, ‘আমরা সবসময় পুরো ঘটনা প্রকাশ করি না। আমাদের খারাপ কাজের সমালোচনা করুন, কিন্তু ভালো কাজকে উৎসাহিত করুন’।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেমিনারে ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং অর্থসচিব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে