Views Bangladesh Logo

একনেকে অনুমোদন পেল আড়াই লাখ কোটি টাকার ৩ মেট্রোরেল প্রকল্প

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের তিনটি মেট্রোরেল প্রকল্প একনেকের বিবেচনায় এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প তিনটি অনুমোদন দেওয়া হয়। তিন প্রকল্পের সম্মিলিত প্রাক্কলিত ব্যয় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।

প্রকল্প তিনটি হলো—মেট্রোরেল লাইন-১, মেট্রোরেল লাইন-৫ নর্দার্ন রুট এবং নতুন মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট। সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১-এর সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এ প্রকল্পের পাশাপাশি হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটেরও সংশোধিত ব্যয় প্রস্তাব একনেকে তোলা হয়েছে। সাম্প্রতিক পুনর্গঠনে এই দুই প্রকল্পের সম্মিলিত ব্যয় ২ লাখ ৪ হাজার কোটি টাকার কিছু বেশি ধরা হয়েছে।

অন্যদিকে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নির্মাণের প্রস্তাব করা হয়েছে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া যুক্ত থাকছে। রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে দ্রুত গণপরিবহন সংযোগ তৈরির লক্ষ্য রয়েছে প্রকল্পটির।

এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের দৈর্ঘ্য ১৭ দশমিক ২ কিলোমিটার। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, এর বড় অংশ ভূগর্ভস্থ হবে এবং এতে মোট ১৫টি স্টেশন থাকবে। গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত অংশটি ভূগর্ভস্থ এবং আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহনে সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রকল্প নেওয়া হয়েছে। তবে এমআরটি লাইন-১ ও লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ও বাস্তবায়ন নিয়ে এর আগে সংশোধিত প্রস্তাব তৈরি করা হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী ব্যয় কমানো হলেও দুই প্রকল্পের সম্মিলিত ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি থাকছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ