Views Bangladesh Logo

একনেক সভায় ৯,৫৮৯ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য দুটি অয়েল ট্যাংকার কেনার প্রস্তাব বাদ রেখে ৯,৫৮৯ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় মোট ১১টি প্রকল্পের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। তবে ১,৪৫৭.৮০ কোটি টাকা ব্যয়ে দুটি অয়েল ট্যাংকার ক্রয়ের প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়নি।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণের ১,১৫৪.৮৩ কোটি টাকার প্রকল্প, যা ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের আগস্ট পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এছাড়া ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে প্রকল্প ব্যয় ২০১.৭০ কোটি টাকা থেকে বেড়ে মোট ১,৬৩০.৪৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সেতু রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য ১১৫.৭৩ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ১০৭.৯৭ কোটি টাকা প্রকল্প ঋণ বা অনুদান হিসেবে আসবে। অন্যদিকে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণের দুটি প্রকল্প যথাক্রমে ২৯৮.৬৫ কোটি টাকা এবং ৫৫৮.৮৩ কোটি টাকা ব্যয়ে অনুমোদন পেয়েছে।

এ ছাড়া ঢাকার গোরানচটবাড়ি রিটেনশন পন্ড ও তুরাগ নদ সংরক্ষণ ও সুরক্ষার জন্য ৫৬৭.০৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পটি ৪,৯৬৩.৬৭ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প হিসেবে স্থান পেয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ৪৫.৪১ লাখ টাকা কমানো হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের ব্যয় ১০১.৮২ কোটি টাকা বাড়ানো হয়েছে। একই সাথে ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (১ম সংশোধন) অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় ৬২৭.২৩ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে এবং এর সময়সীমা ২০২৮ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ