৪২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প একনেক সভায় অনুমোদন
চার হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৬৩২ কোটি এক লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন (এনইসি) সম্মেলনকক্ষের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি এবং অর্থ, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, ধর্ম বিষয়ক এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প।
একনেক সভায় ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অনুমোদিত প্রকল্পগুলো হলো, ‘চট্টগ্রাম কর ভবন নির্মাণ’, ‘মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং’, ‘মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (১ম সংশোধিত)’, ‘গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ প্রতিষ্ঠা’, ‘ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (২য় পর্যায়)’, ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’, ‘দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রীজ পুনর্নির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত)’, ‘ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯নং কূপ (অনুসন্ধান কূপ) খনন’, ‘নেপালের লুম্বিনি সংরক্ষণ এলাকায় বাংলাদেশ বৌদ্ধ মঠ কমপ্লেক্স নির্মাণ’ এবং ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত)’ প্রকল্প।
এর আগে অনুমোদিত নয়টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করেন পরিকল্পনা উপদেষ্টা। সেগুলো হলো, ‘রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স, বিভাগীয় কমিশনার ও ডিআইজি’র বাংলো নির্মাণ (১ম সংশোধিত)’, ‘সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ (২য় সংশোধিত)’, ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত)’, ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন (২য় সংশোধিত)’, ‘মুজিবনগর সেচ উন্নয়ন (২য় সংশোধিত)’, ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (১ম সংশোধন)’, ‘পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত)’, ‘বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়)’ এবং ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি- ২য় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্প।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে